কালিগঙ্গা নদীর ভাঙনে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে শত শত পরিবার

- সর্বশেষ পরিমার্জন: ১১:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ৪২ বার পঠিত

হাসান তালুকদার, নাজিরপুর প্রতিনিধি :: পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে কালিগঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে বসতবাড়ি, বাজার ও সড়ক নদীগর্ভে বিলীন হওয়ার পথে। কালিবাড়ী বাজার থেকে ছোট বুইচাকাঠী আবাসন প্রকল্প সড়কের মুক্তিযোদ্ধা নাসিম মাস্টারের বাড়ি হয়ে কেটিবুনিয়া খালের গোড়া পর্যন্ত প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয় শত শত মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এটি স্থানীয়দের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র সড়ক। সড়কটির পাশে রয়েছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি জামে মসজিদ এবং ছোট বুইচাকাঠী আবাসন এলাকার প্রায় ৪৫০ পরিবারের বসতবাড়ি। সড়কটি ধসে পড়লে শিক্ষার্থী, শিক্ষক, কৃষক ও ব্যবসায়ীদের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়বে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। ইতোমধ্যে নদীভাঙনের কারণে একাধিক বাড়িঘর ঝুঁকির মধ্যে পড়েছে। স্থানীয় জামে মসজিদ ও বেশ কিছু পরিবারের ঘরবাড়ি সরাসরি নদীর ভাঙনের মুখে রয়েছে। স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান ব্যাপারী বলেন, প্রতিদিন স্কুল-কলেজগামী ছেলে-মেয়েদের যাতায়াতে চরম কষ্ট হচ্ছে। রাস্তা ভেঙে যাওয়ায় এখন হেঁটেও চলাচল করা কঠিন। আমরা দ্রুত ভাঙনরোধের কার্যকর ব্যবস্থা চাই। অন্য এক স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, রাস্তাঘাট ভেঙে যাওয়ায় গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে এখন অনেক কষ্ট হয়। নৌকাই একমাত্র ভরসা। সাধারণ মানুষ দুর্ভোগে দিন কাটাচ্ছেন। স্থানীয়রা জানান, বিষয়টি ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পিরোজপুর কার্যালয়কে জানানো হয়েছে এবং দ্রুত ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এলাকাবাসীর দাবি, কালিগঙ্গা নদীর পূর্বপাড়ে কালিবাড়ী বাজার থেকে কেটিবুনিয়া খাল পর্যন্ত অন্তত ৫০০ মিটার এলাকায় জরুরি ভিত্তিতে নদী রক্ষা বাঁধ বা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তা না হলে গ্রাম, স্কুল, মসজিদ ও বাজারসহ শত শত পরিবারের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে। এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন বলেন, ভাঙনরোধে জিও ব্যাগের বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে এক থেকে দুই মাসের মধ্যেই কাজ শুরু করা হবে।




















