কুড়িগ্রামে ভুট্টা ক্ষেত থকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

- সর্বশেষ পরিমার্জন: ০৬:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ৭১ বার পঠিত

কুড়িগ্রাম সদর উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে জান্নাতি (১৫) নামের এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) সকাল ৮ টার দিকে উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে বাড়ির পাশে ভুট্রা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতি ওই এলাকার কৃষক জাহিদুল হকের মেয়ে এবং স্থানীয় কাগজিপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেলেও ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের লোকজন জানায়, নিহত জান্নাতি রাতে ঘরেই ছিল। পরে সকালে বাড়ির পাশের জমিতে তার মরদেহ পাওয়া যায়। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পরে বলে ধারণা করছে নিহতের পরিবার।
কুড়িগ্রাম সদর থানার ওসি হাবিবুল্লাহ বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



















