
এম.জে.এ মামুন:
কুমিল্লা জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে ‘ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই এবং নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। তিনি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিধি ও নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীদের ক্যাম্প অনুশীলন ও প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষার মাধ্যমে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যদের প্রশিক্ষণগত দক্ষতা, শৃঙ্খলা, দায়িত্ব পালনের সক্ষমতা এবং নির্ধারিত অনুশীলনে তাদের পারদর্শিতা যাচাই করা হয়।
এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মোঃ গাওছাল আজম, পিপিএম।
পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে পরীক্ষার সার্বিক কার্যক্রম তদারকি করেন।
পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বৃদ্ধির পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করার লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার বিভিন্ন ধাপ অনুষ্ঠিত হচ্ছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 













