সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে
গভীর শোকের ছায়া নেমে এসেছে দুপচাঁচিয়ায়

- সর্বশেষ পরিমার্জন: ১০:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ৫১ বার পঠিত

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) : সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের ছায়া সারা দেশের ন্যায় নেমে এসেছে বগুড়ার দুপচাঁচিয়ায়। বুধবার সকাল থেকেই শোকাবহ পরিবেশে স্তব্ধ হয়ে পড়ে পুরো উপজেলা।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও বগুড়ার পুত্রবধূ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এবং রাষ্ট্রীয় শোকের প্রতি সংহতি প্রকাশ করে দুপচাঁচিয়ায় ছোট-বড় সব ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণীবিতান বন্ধ রাখা হয়। সকাল থেকে ব্যবসায়িক কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকায় জনজীবনে নেমে আসে এক ধরনের নীরবতা স্তব্ধ ও বিষণ্নতা। উপজেলার প্রাণকেন্দ্র সিও অফিস এলাকায় নিউ মার্কেট, আবুল চেয়ারম্যান মার্কেট, ওয়াইদুল মার্কেট, থানা বাসস্ট্যান্ড, মেইল বাসস্ট্যান্ড, তেমাথা টিনপট্টি ও পুরাতন বাজার ঘুরে দেখা যায় সব দোকানের শাটার বন্ধ। বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ছোট ছোট দোকান পর্যন্ত দুপুর গড়িয়ে গেলেও খোলা হয়নি।এদিকে রাষ্ট্র শোক দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করতে দেখা গেছে। একই সঙ্গে দুপচাঁচিয়া থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকায় গিয়ে প্রিয় নেত্রীর শেষ বিদায়ে জানাজায় অংশ নেন। দুপচাঁচিয়াজুড়ে বিরাজ করছে গভীর শোক ও শ্রদ্ধার আবহ যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা ও সম্মানেরই প্রতিচ্ছবি।



















