গাজীপুর -৬ আসন বহাল রাখার দাবীতে বিএনপি জামাতের মহাসড়ক অবরোধ

- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ২০১ বার পঠিত

গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনতা । এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় । প্রায় ১ ঘন্টাপর যানচলাচল স্বাভাবিক হয় ।
সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের টঙ্গী কলেজ গেইট এলাকায় নির্বাচন কমিশনের ঘোষিত গাজীপুর-৬ আসনের গেজেট বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় শ্রমীক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের নেতৃত্বে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনের আয়োজন করে ।
পরে মানববন্ধনটি বিক্ষোভে পরিণত হয় । মহাসড়কে বিক্ষুব্ধরা টায়ার জালিয়ে অবরোধ করে রাখে ।
উচ্চ আদালতে বাতিল হওয়া নতুন সংসদীয় আসন গাজীপুর-৬ পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করে অবরোধের সৃষ্টি হয়।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে মহাসড়ক অবরোধ করা হয়।
জানা যায়, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি আসন কেটে গাজীপুর-৬ (টঙ্গী-গাছা-পূবাইলের একাংশ) সৃষ্টি করে। উচ্চ আদালতে এ বিষয়ে মামলা হলে হাইকোর্ট নতুন আসন বাতিল করে। এই রায় বাতিল চেয়ে গাজীপুর ৬ আসন বহাল রাখার দাবিতে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের পক্ষ থেকে আজ পৃথক তিনটি মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গী কলেজগেট এলাকায় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুব্ধরা এসময় হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারেরও পদত্যাগ দাবি করেন। এ সময় ৬ আসনের এমপি প্রার্থী হাসান উদ্দিন সরকার, সালাউদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আরিফ হাওলাদার, প্রভাষক বসির উদ্দিনের হস্তক্ষেপে মানববন্ধন তুলে নেয় নেতাকর্মীরা।
এদিকে টঙ্গী স্টেশন রোডে গাজীপুর-৬ আসনের অপর মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন ও গাজী সালাউদ্দিনের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এশিয়া পেট্রোল পাম্প এলাকায় জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমানের নেতৃত্বে মানববন্ধন চলছে।
অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তিনটি স্থানে অবরোধ হওয়ায় মহাসড়কে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের ওপর পাশে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।



















