চাটখিলে ‘এভার কেয়ার হাসপাতাল (প্রাঃ)’ উদ্বোধন

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ৫৭ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে এবং এর আশেপাশের এলাকার মানুষদেরকে আধুনিক ও উন্নতমানের চিকিৎসা সেবার প্রত্যয় নিয়ে চাটখিল এভার কেয়ার হাসপাতাল (প্রাঃ) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় চাটখিল পৌর শহরের দক্ষিণ বাজারে শাকিল প্লাজায় হাসপাতাল ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটির উদ্বোধন করা হয়।
হাসপাতালের চেয়ারম্যান আনিসুল হক সবুজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল প্রাইভেট হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি মাওলানা রহমত উল্লাহ। বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, মাওলানা ওমর ফারুক, মাওলানা মোরশেদ আলম প্রমূখ।
অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসা সেবার বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম বাবু। তিনি বলেন একটি প্রাইভেট হাসপাতাল পরিচালনা করার জন্য যে যে শর্তগুলো পূরণ করা দরকার আমরা চেষ্টা করেছি তা পূরণ করতে। হাসপাতালের জরুরী বিভাগ থেকে শুরু করে প্রতিটি বিভাগে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার এবং লোকবল নিয়োগ করা হয়েছে। আশা করছি এ অঞ্চলের মানুষের জন্য এই প্রতিষ্ঠানটির মাধ্যমে স্বল্প খরচে আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রহমত উল্লাহ চাটখিল এবার কেয়ার হাসপাতালের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষণা করেন।


















