দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট রাখার দায়ে ইবনে রাব্বি (২৭) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে চিরিরবন্দর থানাধীন ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীমিয়া পাড়া এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ইবনে রাব্বিকে তার নিজ শয়নকক্ষের ভেতরে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় দেখতে পেয়ে এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল তাকে আটক করে। পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে আটক ইবনে রাব্বিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে একটি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেটের দুটি খোসা, দুটি গ্যাস লাইট, এক পিস ফয়েল পেপার, একটি কাঁচি, টাইলসের ভাঙা টুকরা, একটি মাদক সেবনের পাইপ ও দুটি সিগারেট উদ্ধার করা হয়।
আটক ইবনে রাব্বি চিরিরবন্দর হাজীমিয়া পাড়ার মো. আবু তালেবের ছেলে।
চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















