মোস্তাক আহমেদ,কালীগঞ্জ: গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে আব্দুল মজিদ (৬৫) নামে এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেলে কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ জামালপুর গ্রামের মৃত আলকু মোড়লের ছেলে। অভিযুক্ত মোজাম্মেল জামালপুর মধ্যপাড়া গ্রামের নোয়াব আলীর ছেলে এবং নিহতের মেয়ের জামাই।
নিহত আব্দুল মজিদএর ছেলে বলেন প্রায় সাত দিন আগে তার বোন শাহানাজকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তার স্বামী মোজাম্মেল। এ ঘটনার জের ধরেই শুক্রবার বিকেলে মোজাম্মেল কথা আছে বলে ফোন করে তার শ্বশুর আব্দুল মজিদকে জামালপুর বাজারে আসতে বলেন।
তিনি আরও জানান, বাজারে কথা কাটাকাটির এক পর্যায়ে মোজাম্মেল তার সঙ্গে থাকা একটি ব্রিফকেস থেকে কুড়াল বের করে আব্দুল মজিদের মাথায় কোপ দেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয়রা আব্দুল মজিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জামালপুরের নোভা জেনারেল হাসপাতালে নিয়েযান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ থানায় নেওয়া হয়েছে। মরদেহের ময়নাতদন্ত ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এঘটনায় থানায় একটি হত্যা মামলা নং ২৪ তারিখ ২৮/৮/২০২৬ ইং ৩০২ ধারা দায়ের করা হয়েছে।অভিযুক্ত মোজাম্মেল আজ সকালে নিজে উপস্থিত হয়ে পুলিশ এর নিকটদরা দেন এখন সে হাজতে আটক আছেন তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোস্তাক আহমেদ,কালীগঞ্জ 


















