
আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আতাউর রহমান (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই ফরহাদ হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকালে ইসলামপুর পৌরসভার দক্ষিণ ভেঙ্গুরা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান ওই গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, জমি দখলকে কেন্দ্র করে আতাউর রহমানের সঙ্গে তার চাচাতো ভাই সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় আতাউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 














