আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: সারা দেশের ন্যায় ঝালকাঠিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি সদর হাসপাতালে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার এবং ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. টি. এম. মেহেদী হাসান সানি। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় জেলার মোট ৮২ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ১১ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪৯০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা প্রতিরোধ এবং স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্যেই জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি 


















