
ফজলুল কবির গামা, ঝিনাইদহ: ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের গণমাধ্যম অঙ্গনে নতুন প্রত্যয় নিয়ে এগিয়ে চলা ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠার দুই বছর পূর্তি উপলক্ষে ১ লা সেপ্টেম্বর ঝিনাইদহ জেলা শহরে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইদহ প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। এতে ‘সবুজ বাংলা টিভি’র সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজন অংশ নেন।
র্যালি শেষে ঝিনাইদহ প্রেস ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। প্রধান বক্তা ছিলেন সবুজ বাংলা টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ বাংলা টিভির উপদেষ্টা ও ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, চ্যানেলটির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মোশফেকুর রহমান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেন। প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সবুজ বাংলা টিভির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শাকিব আহমেদ বাপ্পি এবং চ্যানেলটির পরিচালক সুলতান আল এনাম। মোঃ লিটন, জেলা জাসাস এর সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনমানুষের কথা তুলে ধরা এবং সমসাময়িক ঘটনাবলির যথাযথ উপস্থাপনের মাধ্যমে ‘সবুজ বাংলা টিভি’ গণমাধ্যম অঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। মানুষের অধিকার, প্রত্যাশা ও প্রান্তিক জনগোষ্ঠীর কথা গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা।
বক্তারা আরও বলেন, একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের সাফল্য কেবল তার সম্প্রচার পরিসর কিংবা প্রযুক্তিগত সক্ষমতায় সীমাবদ্ধ নয়; বরং সত্য, ন্যায় ও জনস্বার্থের প্রতি তার দায়বদ্ধতাই একটি গণমাধ্যমের প্রকৃত শক্তি। সেই দায়বদ্ধতা অটুট রেখে ‘সবুজ বাংলা টিভি’ আগামী দিনে আরও পরিণত, দায়িত্বশীল ও জনবান্ধব গণমাধ্যম হিসেবে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে অতিথি ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে কেক কেটে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠার দুই বছর পূর্তির আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি আগামী দিনের পথচলায় আরও দৃঢ় প্রত্যয়ের কথা তুলে ধরেন সংশ্লিষ্টরা।

ফজলুল কবির গামা, ঝিনাইদহ 



















