ঝিনাইদহ-৩ আসনে পিতার দেখানো পথে জনগণের উন্নয়নে কাজ করতে চান মেহেদী হাসান রনি

- সর্বশেষ পরিমার্জন: ১১:০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১০৯ বার পঠিত

ঝিনাইদহ-৩ আসনটি মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার ১৭টি ইউনিয়ন এবং দুটি পৌরসভা নিয়ে গঠিত। কোটচাঁদপুরে একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন এবং মহেশপুরে একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন মহেশপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও তরুণ সংগঠক মেহেদী হাসান রনি। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপি’র দলীয় প্রার্থী ছিলেন। রনির পিতা, ঝিনাইদহ-৩ আসনের চারবার নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপি’র বর্ষীয়ান নেতা প্রয়াত শহিদুল ইসলাম মাস্টার ছিলেন এ অঞ্চলের উন্নয়নের প্রতীক।২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনীতিতে আসে নতুন গতি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে দেশব্যাপী জাগ্রত হয় গণআন্দোলন, আর সেই ধারাবাহিকতায় জাতীয় নির্বাচনের মাঠে সরব হয়ে ওঠেন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। তাদের মধ্যে অন্যতম মেহেদী হাসান রনি—যিনি পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করতে চান।রনির পিতা প্রয়াত শহিদুল ইসলাম মাস্টার সংসদ সদস্য থাকাকালে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অনন্য ভূমিকা রাখেন। স্বাধীনতা পরবর্তী সময়ে এতবড় উন্নয়ন কর্মকাণ্ডের নজির এই অঞ্চলে আর দেখা যায়নি। গ্রামীণ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যালয় ও বিদ্যুৎ সুবিধা বিস্তারে তার ভূমিকা এখনো মানুষের মুখে মুখে।
শিক্ষাজীবনে মেধাবী রনি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০০ সালে মাধ্যমিক ও ২০০২ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ার কার্ডান বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৯ সালে দেশে ফিরে বাবার পথ অনুসরণ করে বিএনপি’র রাজনীতিতে সক্রিয় হন। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, ২০১৯ সালে আহবায়ক কমিটির সদস্য সচিব এবং ২০২২ সালে সর্বসম্মতিক্রমে উপজেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হন।
বর্তমানে তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও সদস্য সংগ্রহ কর্মসূচি বাস্তবায়নে মাঠে-ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল—সবখানেই তিনি গণসংযোগ, লিফলেট বিতরণ, মতবিনিময় ও ধানের শীষে ভোট চেয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস বলেন, “মেহেদী হাসান রনি একজন উদীয়মান নেতা। তিনি তার বাবার মতই কর্মীবান্ধব ও জনগণের কাছে সহজ-সরলভাবে পৌঁছে যান। রাতদিন মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করেন।”
নিজের রাজনৈতিক আদর্শ সম্পর্কে জানতে চাইলে উপজেলা বিএনপি সভাপতি মেহেদী হাসান রনি বলেন, “আমার রাজনৈতিক জীবনের প্রেরণা আমার বাবা। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে মানুষের সেবা করতে হয়। আমি তার দেখানো পথেই ঝিনাইদহ-৩ আসনের জনগণের উন্নয়নে কাজ করতে চাই। আমি বিএনপি’র দলীয় মনোনয়ন চাইবো—মনোনয়ন পেলে ইনশাল্লাহ বিজয়ী হবো। তবে মনোনয়ন না পেলেও আজীবন সংগঠন ও জনগণের কল্যাণে কাজ করে যাবো।”স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের বিশ্বাস, মহেশপুরে ভোটার সংখ্যা কোটচাঁদপুরের চেয়ে দ্বিগুণ হওয়ায় এই উপজেলার নেতৃত্ব থেকে প্রার্থী মনোনয়ন পাওয়ার সম্ভাবনাই বেশি। আর রনি সেই যোগ্য তরুণ নেতা, যিনি পিতার উত্তরাধিকার বহন করে জনগণের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন ঝিনাইদহ-৩ আসনের জনগণ।
















