
মোঃ শরিফুল ইসলাম শাহ,
দিনাজপুর প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চলমান কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে ১ হাজার গাছের চারা রোপণ করেছে দিনাজপুর জেলা পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশের উদ্যোগে কোতয়ালী থানার শেখপুরা ইউনিয়নের দিঘন এলাকায় রাস্তার দুই ধারে বিভিন্ন জাতের এসব গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ। কর্মসূচিতে পুলিশের অন্যান্য সদস্যসহ স্থানীয় সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আবালবৃদ্ধবনিতার উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই জেলা পুলিশ এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছে।” পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন প্রসারে দিনাজপুর জেলা পুলিশ ধারাবাহিকভাবে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে আসছে উল্লেখ করে তিনি নিশ্চিত করেন যে, এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 






















