
আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): ডেঙ্গু ও পানিবাহিত রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে একযোগে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুরে ব্যাপক পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাকায় জাতীয়ভাবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর ধারাবাহিকতায় শাজাহানপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা: ইকবাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল মজিদ,
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল, বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এবং স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোশারফ হাসান। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং বিএনসিসি, রেড ক্রিসেন্ট, গার্ল গাইড, স্কাউটের সদস্যসহ সর্বস্তরের সাধারণ মানুষ এই কর্মসূচিতে সরাসরি অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ডেঙ্গু ও পানিবাহিত রোগমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার এবং এই সামাজিক অভিযানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া) 


















