
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক থাকার অভিযোগ তুলে এক ব্যক্তি ও তার স্ত্রীর পথরোধ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ওই রাতে পৃথক আরেকটি অভিযানে সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে দুপচাঁচিয়া থানাধীন জয়পুরপাড়া এলাকায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার বাসিন্দা মোঃ সুলতান মাহমুদ রিফাত ও তার স্ত্রীর পথরোধ করেন অভিযুক্তরা।
অভিযোগ রয়েছে, রাকিবুল, সানজিদ ও নাইম, সুলতান মাহমুদ রিফাতের কাছে মাদকদ্রব্য রয়েছে এমন অভিযোগ তুলে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। ভুক্তভোগীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার স্ত্রীকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ভুক্তভোগীদের উদ্ধার করে এবং অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে এ ঘটনায় মামলা রুজু করা হয়।
আটককৃতরা হলেন, জয়পুরপাড়া এলাকার মো. দেলোয়ারের ছেলে রাকিবুল, আব্দুস সোবহানের ছেলে সানজিদ ও মোঃ মুকুলের ছেলে নাইম। ওই রাতেই পৃথক আর একটি অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ তোফাজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তোফাজ্জল দুপচাঁচিয়া উপজেলার বরিয়া গ্রামের তালেবের ছেলে। তাকে রাইকালি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদেরকে রোববার ২৭ সেপ্টেম্বর বগুড়া আদালতে প্রেরণ করা হয়।

নাগরিক ডেস্ক রিপোর্ট 











