পিরোজপুর অফিস: ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যে পিরোজপুরে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সদর উপজেলা অডিটরিয়ামে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মঙ্গলবার অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে এবং সাবেক উপাধ্যক্ষ মো. লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আমিনুল ইসলাম এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শেখ সাইদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ও অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক মো. মেহেদী হাসান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’ এর প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, সংগঠনের যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন। সোম ও মঙ্গলবার অনুষ্ঠানে দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুর্নীতির কারণ, ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধের উপায় নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি ও তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন করে। পাশাপাশি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে দুর্নীতিবিরোধী সচেতনতা ও নৈতিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে বিতর্ক, রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

পিরোজপুর অফিস 


















