
এম.জে.এ মামুন
কুমিল্লার দেবিদ্বারে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ গেট থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। র্যালিটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্বাধীনতা স্তম্ভের পাদদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন। বিশেষ বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি মো. বোরহান উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশের যুবসমাজকে সংগঠিত করা, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। দীর্ঘ পথচলায় যুবদল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন হিসেবে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বক্তারা আরও বলেন, যুবসমাজ দেশের অন্যতম চালিকাশক্তি। তাদের ঐক্যবদ্ধ করে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও যুবদলকে সক্রিয় থাকার আহ্বান জানান তাঁরা।

নাগরিক ডেস্ক রিপোর্ট 













