আর্কিটেক্ট আলহাজ্ব তৌফিকুল আলম সুজিতের অনন্য উদ্যোগ
নওগাঁয় ‘ফ্লুয়েন্ট স্পীক’-এ সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

- সর্বশেষ পরিমার্জন: ০৬:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৪ বার পঠিত

ইংরেজি শিক্ষায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ইংরেজি শিক্ষার ব্যাপক প্রসারের লক্ষ্যে নওগাঁ শহরের দক্ষিণাঞ্চল হাট নওগাঁ কালিতলা এলাকায় অবস্থিত আধুনিক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ‘ফ্লুয়েন্ট স্পীক’-এর উদ্যোগে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিষ্ঠানের হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং তৃতীয় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র প্রদান করেন প্রতিষ্ঠানের সভাপতি আর্কিটেক্ট আলহাজ্ব তৌফিকুল আলম সুজিত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওগাঁ প্রবাহ প্রি-ক্যাডেট এন্ড গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ও আর্কিটেক্ট আলহাজ্ব তৌফিকুল আলম সুজিতের পিতা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, প্রবাহ প্রি-ক্যাডেট এন্ড গার্লস হাই স্কুলের একাডেমিক কমিটির সভাপতি অধ্যক্ষ প্রফেসর মোঃ ওয়ালিউল ইসলাম,
ম্যানেজিং কমিটির সদস্য আসলাম আলী সরদার ও শামসুল ইসলাম টফি, প্রবাহ প্রি-ক্যাডেট এন্ড গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, সাহানাবাগ সিটির আস্তানুর রহমান স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিনহাজুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘ফ্লুয়েন্ট স্পীক’ শিক্ষার্থীদের আধুনিক ইংরেজি শিক্ষায় দক্ষ করে তুলবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে সক্ষম হবে। উল্লেখ্য, নওগাঁয় প্রথমবারের মতো শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় পারদর্শী করে তোলার লক্ষ্যে আর্কিটেক্ট আলহাজ্ব তৌফিকুল আলম সুজিত এ যুগোপযোগী কোর্স চালু করেছেন। সনদপত্র হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং শিক্ষকদের আন্তরিক পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা জানান।


















