থানায় মামলা-গ্রেফতার হয়নি অভিযুক্ত
নবীনগরে ঘুমন্ত শিক্ষার্থীকে জবাই করে হত্যার চেষ্টা

- সর্বশেষ পরিমার্জন: ০১:৫৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ৫৫ বার পঠিত

আবু হাসান আপন, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রুসুল্লাবাদ ইউনিয়নের রুসুল্লাবাদ গ্রামে ঘুমন্ত অবস্থায় নর্দান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে জবাই করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই এলাকার বাসিন্দা মো. নাজিম (৩০)-কে আসামি করে নবীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা কুহিনুর বেগম (৫১)। তবে অভিযোগ দায়েরের কয়েকদিন পার হলেও এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ সকাল আনুমানিক ৮টার দিকে বাসায় থাকা নিয়ে পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত নাজিম ধারালো অস্ত্র নিয়ে মোশারফ হোসেনের বাড়ির ছাদ বেয়ে ঘরে প্রবেশ করে। এ সময় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশারফ হোসেন (৩০) নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ রয়েছে, ঘরে ঢুকেই নাজিম তাকে জবাই করে হত্যার চেষ্টা চালায়।
এ সময় মোশারফ হোসেনের চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত নাজিম ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় মোশারফ হোসেনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। জানা গেছে, তার গলায় প্রায় ৪৮টি সেলাই দিতে হয়েছে।
পরে গত ১৩ মার্চ রাতে ঢাকা থেকে ফিরে মোশারফ হোসেনের মা কুহিনুর বেগম বাদী হয়ে নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার খবর পেয়ে বিট পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


















