নির্বাচনে ভোট দিতে কারাগারের ১০৬ বন্দির আবেদন

- সর্বশেষ পরিমার্জন: ০২:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ৮৪ বার পঠিত

আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে আবেদন করেছেন ১০৬ বন্দি। যদিও বন্দির তুলনায় আবেদনের সংখ্যা এক ষষ্ঠাংশেও কম। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অন্যান্যবারের নির্বাচনের চেয়ে এবার পোস্টাল ভোটের প্রচার-প্রচারণা বেশি ছিলো। প্রার্থীরাও পোস্টাল ভোটকে বেশ গুরুত্ব দিয়েছেন এবং পোস্টাল ভোটের আবেদনের জন্য উৎসাহ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের কারাগারের ১০৬ জন বন্দি সংসদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য আবেদন করেছে।‘ভোটারদের আশ্বস্ত করতে চাই, তারা ভোট দিতে পারবেন এবং তা কাউন্টেড হবে’
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ কারাগারে গড়ে সাড়ে ৬ শতাধিক বন্দি থাকে। গতকাল (রোববার) সকালেও বন্দির সংখ্যা ছিল ৬৫৫ জন। এসব বন্দির মধ্যে ১০৬ জন পোস্টাল ভোট দেয়ার জন্য আবেদন করেছেন। এই ১০৬ জনই চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের ভোটার। তিনি আরও বলেন, পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন এমন কয়েকজনের জামিনও হয়ে গেছে এরইমধ্যে। তারাও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটাধিকার প্রয়োগ করবেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আজাদুল হেলাল বলেন, বন্দিদের নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ব্যালট পেপার পাঠানোর ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আবেদন করেছেন এমন কোন বন্দি যদি ভোটের আগে জামিন পেয়ে যান, তাকেও পোস্টাল ভোটই প্রদান করতে হবে। তার সরাসরি ভোট দেয়ার সুযোগ থাকবে না।


















