
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত কেতাব উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পাথরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কেতাব উদ্দিন ওই এলাকার মৃত ইছাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় তাঁর ছেলে জোবায়দুল ইসলামও আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বড় ভাই কেতাব উদ্দিনের সঙ্গে ছোট ভাই আবুল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে বিরোধপূর্ণ জমিতে আবুল হোসেন ও তাঁর ছেলে খালেকুজ্জামান (৩১) মাটি ভরাটের কাজ শুরু করেন। এ সময় কেতাব উদ্দিন ও তাঁর ছেলে জোবায়দুল ইসলাম বাধা দিলে উভয় পক্ষের মধ্যে মারপিট শুরু হয়।
এতে কেতাব উদ্দিন ও তাঁর ছেলে জোবায়দুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কেতাব উদ্দিনের মৃত্যু হয়।

নাগরিক ডেস্ক রিপোর্ট 













