
রায়হান আলী,শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় ভারত থেকে আসা ১৪৩টি মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে ৫৩ বিজিবি।
রবিবার (২৬ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনোহরপুর বিওপির টহলদল পৃথক দুটি অভিযান পরিচালনা করে। ৫৩ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ১০ মিনিটে মনোহরপুর বিওপির বিশেষ টহলদল শিবগঞ্জ থানার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে ভারত থেকে আসা ১৪৩টি বিভিন্ন প্রকার মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করে। এরপর সকাল ৯টা ৫০ মিনিটে একই বিওপির নিয়মিত টহলদল বালুটুঙ্গী গ্রাম থেকে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও ১টি বাইসাইকেল জব্দ করে। জব্দকৃত সকল মালামালের আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা। জব্দকৃত মালামাল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে (কাস্টমস) জমা করা হয়েছে।
এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, পুশইন প্রতিরোধ, মাদক ও যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 











