
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামালের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আনজারুল হক মিলনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. মমিনুর রহমান, সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক সুদেব চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও সহসভাপতি রোকসানা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা ডা. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। তাঁদের অভিযোগ, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচিতে মাইকিংয়ের জন্য বরাদ্দ থাকলেও সেই অর্থ ব্যয় না করে আত্মসাৎ করা হয়। পরিবর্তে স্বাস্থ্য সহকারীদের মসজিদে মাইকিংয়ের মাধ্যমে কর্মসূচির প্রচার চালাতে বলা হয়। এ ছাড়া যাতায়াত খরচ ও এসিআর বিল পরিশোধ না করার অভিযোগও করেন তাঁরা।
বক্তারা আরও অভিযোগ করেন, ওই কর্মকর্তা নারী সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগও তোলেন তাঁরা।
বক্তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ডা. আবু হেনা মোস্তফা কামালকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
এ সময় সংগঠনের সদস্য মেহেরুন্নেসা, আফরোজা বিনতে আজিজ গ্লোরি, শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, ফজলুর রহমান, সাবিনা ইয়াসমিন, আব্দুল্লাহ আল মুকিত সৌরভ, বিধান চন্দ্র রায়, নীরব চন্দ্র রায়সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 












