
স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি ও বিভিন্ন সরকারি দপ্তরে অনৈতিক প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ উঠেছে ‘হযরত’ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি একা নন—তার নেপথ্যে সক্রিয় রয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে জানা যায়, হযরত নামের ওই ব্যক্তি ও তার চক্রের সদস্যরা দেওয়ানগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি ও আধা-সরকারি দপ্তরে প্রতিনিয়ত যাতায়াত করছেন। তারা নিজেদের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্য কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা পরিচয়ে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।
অভিযোগে বলা হয়, সরকারি দপ্তরে এসে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করাই এই চক্রটির মূল উদ্দেশ্য। সাধারণ মানুষ ও কর্মকর্তা-কর্মচারীদের আইনি ঝামেলায় ফেলার হুমকি দিয়ে তারা মোটা অংকের টাকা দাবি ও চাঁদাবাজি করে আসছে বলে তথ্য পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী ও সচেতন নাগরিক জানান, নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা এই চক্রটি দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। এতে একদিকে যেমন প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে এলাকার মানুষকে প্রতারণা ও চাঁদাবাজির হাত থেকে রক্ষা করার জন্য দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন ও দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল।

স্টাফ রিপোর্টার (জামালপুর) 












