
সাইদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল)।
টাঙ্গাইলের মির্জাপুর পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করা ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর সদরে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তৌহিদ রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা অর্ধশতাধিক ব্যবসায়ীকে তাঁদের অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ ছাড়া সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করার দায়ে এক চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খান এবং মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক তৌহিদ রেজা জানান, পথচারীদের চলাচলে ভোগান্তি কমানো এবং পৌর শহরকে যানজটমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ফুটপাত দখল ও অবৈধ পার্কিং বন্ধে নিয়মিত তদারকির ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 











