
আব্দুল আওয়াল:
জামালপুরের বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল আমেরিকান ডলার সদৃশ নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের জাল নোট, তিনটি মুঠোফোন এবং একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বকশীগঞ্জের মেইন রোডের চৌরাস্তার পশ্চিম পাশে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২) তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কুতুবেরচর গ্রামের হযরত আলী (৩০) ও নজরুল ইসলাম (২২)।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় দেওয়ানগঞ্জে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি)-এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করা হয়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ডিবি পুলিশের এসআই মুহাম্মদ শাহজাহান মিয়া, এসআই রফিকুল ইসলামসহ অন্য সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায় অভিযানে প্রতারকদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে:
৫০০ ডলারের নোট: ১০০টি (জাল)
১০০ ডলারের নোট: ১০০টি (জাল)
৫০ ডলারের নোট: ৯৫টি (জাল)
৫ ডলারের নোট: ১৯৯টি জাল নোটের সাথে ১টি আসল নোট
১ ডলারের নোট: ৯৮টি জাল নোটের সাথে ২ টি আসল নোট
এছাড়াও তাঁদের হেফাজত থেকে একটি পুরোনো ভিভো, একটি ইনফিনিক্স ও একটি সিম্ফনি ব্র্যান্ডের মুঠোফোন এবং অপরাধে ব্যবহৃত একটি কালো রঙের নিবন্ধনবিহীন ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরপরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, জাল ডলার, মাদক ও অবৈধ অস্ত্রের কারবারসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আরও জোরদার করা হবে।
ডিবির ওসি সজীব রহমান জানান, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 












