
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব পালনে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের করণীয় সম্পর্কে নির্দেশনা দিতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উলিপুর স্টেডিয়াম মাঠে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি), উলিপুর, কুড়িগ্রামের আয়োজনে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে দায়িত্ব পালনকালে আনসার-ভিডিপি সদস্যদের করণীয়, শৃঙ্খলা বজায় রাখা, সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ, উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. শওকত আলী সরকার, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক রফিক আহমেদ এবং মহিলা প্রশিক্ষক মিনারা খাতুন। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড দলনেতা-দলনেত্রী এবং দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব পালনকারী আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উলিপুর উপজেলায় মোট ১২৭টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ৭৯৬ জন আনসার-ভিডিপি সদস্য, ৬৯ জন পুলিশ সদস্যের পাশাপাশি অতিরিক্ত ৫ জন পুলিশ সদস্য এবং ১০৩ জন গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবেন।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন এবং পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন।
আয়োজনে: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, উলিপুর, কুড়িগ্রাম।

নাগরিক ডেস্ক রিপোর্ট 












