ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাজশাহীর দায়িত্বে মাহফুজুর রহমান
পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

অপু দাস, স্টাফ রিপোর্টার,রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ১১:২১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ৪৯ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার,রাজশাহী: দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ শনিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁদের নিজ নিজ সিটি করপোরেশনের দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয়ের সিটি করপোরেশন–১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। একই অধ্যাদেশের ২৫ক উপধারা (৩) অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং প্রয়োজনীয় প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের সময় তাঁরা বিধি অনুযায়ী নির্ধারিত সম্মানী ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহফুজুর রহমান। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. রুকুনোজ্জামান রোকন। রংপুর সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাহফুজ উন নবী চৌধুরীকে এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইউসুফ মোল্লা।
মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জারি হওয়া আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি সরকার দেশের আরও ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়। ওই সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং গাজীপুর সিটি করপোরেশনে পৃথকভাবে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
এদিকে রাজশাহী সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজুর রহমান রিটন, যিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও পরিচিত।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মাহফুজুর রহমান রিটন বলেন, তিনি সততা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করতে চান। তিনি জানান, যতদিন এই দায়িত্বে থাকবেন ততদিন যেন কোনো ধরনের অনিয়ম বা বিতর্কের দাগ তাঁর ওপর না লাগে, সে বিষয়ে তিনি সতর্ক থাকবেন।
তিনি আরও বলেন, রাজশাহী মহানগরবাসী যে ধরনের নাগরিক সেবা প্রত্যাশা করেন, তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। নগরের উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সুবিধা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। রাজশাহী নগরীর কল্যাণে যা কিছু করা প্রয়োজন, তা বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নগরবাসীর প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে প্রশাসকেরা কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।


















