
পিরোজপুর প্রতিনিধি:
জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে উপজেলা দিবস-২০২৬ পালিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সদর উপজেলার এসডিএফ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বশির আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সিনিয়র সহসভাপতি তৌনিক উল হক। সভা সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সোহেল। সভায় বক্তারা বলেন, উপজেলা পরিষদ প্রতিষ্ঠায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৯৮২ সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তাঁর শাসনামলে ১৯৮৩ সালের ২৩ অক্টোবর উপজেলা পরিষদ ব্যবস্থা প্রবর্তন করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে এ ব্যবস্থার কার্যক্রমে পরিবর্তন আসে। উপজেলা পরিষদ নির্বাচন পুনরায় চালুর মাধ্যমে স্থানীয় সরকারব্যবস্থায় এ প্রতিষ্ঠানের কার্যক্রম আরও বিস্তৃত হয়।
সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় গত ১২ অক্টোবর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা। এ সময় জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকার আহ্বান জানানো হয়।

নাগরিক ডেস্ক রিপোর্ট 











