পিরোজপুরে পাচারের সময় ২৯১ বস্তা সরকারি চাল জব্দ

- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ৮৯ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পাচারের সময় ২৯১ বস্তা সরকারি চালসহ একটি পিকআপ ট্রাক আটক করেছে জেলা এনএসআই, সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম। সোমবার (২৯ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। জব্দ হওয়া চালগুলোর মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ কেজির ১০৯ বস্তা এবং ২৫ কেজির ১৮২ বস্তা রয়েছে, যার মোট ওজন প্রায় ১০ মেট্রিক টন। পিকআপ ট্রাকটি (নম্বর: খুলনা-১৫-০০০৯) খুলনার উদ্দেশে চাল বহন করছিল। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন পিকআপের চালক মিজান শেখ (৪২), পিতা ইব্রাহিম শেখ, সাং খুলনা এবং সহকারী রমজান হাওলাদার (১৮), পিতা ইশারাত হাওলাদার, সাং মহিষপুরা, মোড়েলগঞ্জ, বাগেরহাট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মিজান জানান, চালগুলো পুরাতন পৌরসভা এলাকার ‘মেসার্স সুমন এন্টারপ্রাইজ’ নামের একটি গোডাউন থেকে লোড করা হয় এবং তা খুলনায় পৌঁছে দেওয়ার নির্দেশ ছিল। তবে এসব সরকারি চাল কীভাবে সেখানে এলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, “জব্দকৃত চালের উৎস, বৈধতা ও কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে। এ ঘটনায় সরকারি মাল আত্মসাতের অভিযোগে থানায় নিয়মিত একটি মামলা রুজু করা হয়েছে (জিআর মামলা নং-২১, তারিখ ২৯.০৭.২০২৫)। আসামিদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।” চালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।


















