প্রতীক বরাদ্দের পর ভোটের আবহ পাল্টে যাবে: অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ৩৪ বার পঠিত

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ: বর্তমানে মাঠ পর্যায়ে ভোটের তেমন দৃশ্যমান আবহ না থাকলেও প্রতীক বরাদ্দের পরই পরিস্থিতি বদলে যাবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, প্রচার-প্রচারণা জোরদার হলে স্বাভাবিকভাবেই সুষ্ঠু ও উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টি হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বিকাল ৩ টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। একই দিনে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং ভোটারদের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “রাস্তা প্রশস্ত না হওয়ায় গণভোটের প্রচারগাড়ি সব এলাকায় পৌঁছাতে পারছে না। তবে শহর থেকে শুরু করে প্রত্যন্ত বাজার এলাকায় প্রচার কার্যক্রম চলমান রয়েছে।” তিনি আরও বলেন, উঠান বৈঠক, শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ এবং বিভিন্ন সভা-সেমিনারের মাধ্যমে গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করা হচ্ছে।


















