সাঘাটায় সড়ক দুর্ঘটনায় কিশোর আহত, নিয়ন্ত্রণহীন টলির বিরুদ্ধে ক্ষোভ
ফিটনেসবিহীন ও হেডলাইটবিহীন টলির বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ঘটনা

- সর্বশেষ পরিমার্জন: ০৬:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ৩৩ বার পঠিত

মো: মাহমুদুল করিম শুভ, সাঘাটা (গাইবান্ধা): গাইবান্ধার সাঘাটা উপজেলায় পাওয়ার টিলার (টলি) গাড়ির ধাক্কায় জিয়াদ হোসেন (১৫) নামে এক কিশোর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা-জুমারবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত জিয়াদ হোসেন উপজেলার কৈচরা গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বারকোনা বাজারের একটি সোয়ামিলে কাঠের গুঁড়ি নামানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ফিটনেসবিহীন ও হেডলাইটবিহীন পাওয়ার টিলার (টলি) তাকে ধাক্কা দেয়। টলিটি গজারিয়া গ্রামের হারুন তালুকদারের ছেলে সবুজ মিয়ার বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত জিয়াদকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে বগুড়া জেলার সোনাতলা নিউ টাটা ক্লিনিকে ভর্তি করা হয়। পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তার একটি পা ভেঙে গেছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই তারা টলিটি আটক করেন। চালক টলিটি সবুজ মিয়ার বলে দাবি করলে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় থানায় খবর না দিয়ে গাড়িটি আবার ছেড়ে দেওয়া হয়।
এদিকে, সাঘাটা উপজেলার বিভিন্ন সড়কে ফিটনেসবিহীন, ব্রেক ও হর্ণবিহীন এবং হেডলাইট ছাড়া টলির বেপরোয়া চলাচল নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, এসব যানবাহনের কোনো নিয়ন্ত্রণ না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধ করা যায়।


















