বরগুনা পাথরঘাটায় সাবেক সংসদ সদস্যের ওপর দুর্বৃত্তদের হামলা

- সর্বশেষ পরিমার্জন: ০৩:২০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৭ বার পঠিত

নূরুজ্জামান, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু’র ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। পাথরঘাটার নতুন বাজার সংলগ্ন তার বাসা থেকে পাথরঘাটা শহরে আসার পথে তিনি এ হামলার শিকার হন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে।স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা শহরের নতুন বাজার সংলগ্ন নিজ বাসা থেকে সাবেক সংসদ সদস্য গোলাম সারোয়ার হিরু নিজে মোটরসাইকেল চালিয়ে বাসা থেকে বাজারের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বাসা থেকে প্রধান সড়কে আসতেই তিন থেকে পাঁচজনে লোহার পাইপ ও রড দিয়ে ডান হাত ও ডান পায়ে পিটিয়ে থেতলে দেওয়া হয়। এতে শরীরের বেশ কয়েক অংশে জখম হয়েছে। এ সময় মোটরসাইকেলেও আঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।হামলার বিষয়ে জানতে চাইলে সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর স্ত্রী নূর আফরোজ হেপী বলেন, গত কয়েকদিন ধরেই বাসার সামনে ও আশপাশ এলাকায় অবস্থান নিয়ে হামলা করার প্রস্তুতি নিয়ে ছিল। যা আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছিল। তারপরও সাবেক সংসদ সদস্যের ওপর কেন এ হামলা। এ ঘটনায় যারা জড়িত অনতিবিলম্বে সেই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই।জানতে চাইলে বরগুনা-২ আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সুলতান আহমেদ বলেন, বিএনপি প্রার্থীর উপস্থিতিতে বাইনচটকি ফেরিঘাটে আমাদের নেতাকর্মীদের বাঁধা দেওয়া হচ্ছিল। এরপরই খবর পেলাম বিএনপি নেতাকর্মীরাই সাবেক সংসদ সদস্য হিরু সাহেবের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও প্রশাসনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ আশা করছি। এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা প্রথম আলোকে বলেন, ঘটনাটা আপনিও যেমন শুনেছেন আমিও শুনেছি। আমি বাহিরে আছি। এ কথা বলে তিনি ফোন কেটে দেন।



















