বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের ফসল বলে মন্তব্য করেছেন এমপি জালাল উদ্দীন। ৫ই আগস্ট ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বুধবার সকাল ১১টায় কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজিত এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “এই নিরপেক্ষ নির্বাচন আন্দোলনের ফসল। এর আগে ২০১৪,১৮ ও ২৪ সালে দেশে যে নির্বাচন হয়েছে সেটি ছিল প্রহসনের নির্বাচন। দিনের ভোট রাতে দিয়ে সন্ত্রাসীদের মাধ্যমে নির্বাচন করেছিল। আর ২৫ সালের নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন। এই সরকার কাজ শুরু করে দিয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। বিগত সরকার আমাদের দেশকে অনেক বেকায়দায় ফেলে রেখে গেছে। আমরা সরকার গঠন করার পরপরই মধ্যপ্রাচ্য এবং আমেরিকার যুদ্ধ লেগে গেছে। যার ফলে তেল ও গ্যাসসহ বিভিন্ন সংকটে আছি। বিগত ১৭ বছর দেশে একটিও নতুন গ্যাসক্ষেত্র বের করা হয়নি। এখন আমরা গ্যাস সংকটের সমাধানের জন্য মায়ানমার ও অন্যান্য দেশে কথা বলেছি”।
তিনি আরও বলেন, “এই জুলাই যুদ্ধাদেরকে জাতি সারাজীবন মনে রাখবে। জুলাই যুদ্ধাদের মাধ্যমে যে অর্জন এই অর্জনকে আমরা লালন করব। আমরা ধারণ করে আগামীর বাংলাদেশকে একটি গণতন্ত্র, বৈষম্যহীন সমাজ ও ন্যায়বিচার দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব”।
জালাল উদ্দীন বলেন, “দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। যে প্রত্যাশা নিয়ে তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছিল, তা বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে”।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাবু জহরলাল সাহা, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন , উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শফিকুল ইসলাম ফুলু, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম মাসুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেতু, পৌর যুবদলের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি তসরিফুল হাসিবসহ অনুষ্ঠানটিতে স্থানীয় নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং জুলাই আন্দোলনের অংশ নেওয়া ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
পরিশেষে প্রধান অতিথি ২০জন জুলাই যুদ্ধার হাতে উপহার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

নাঈম ইসলাম কটিয়াদী (কিশোরগঞ্জ) 



















