এম.জে.এ মামুন:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সোহেলকে (২৮) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গত ২৩ নভেম্বর ২০২৪ তারিখে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে দুটি মামলায় মোট ১৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। সোহেল ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা (নাল্লা আড়াইবাড়ি) গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সোহেলের বিরুদ্ধে বিভিন্ন মামলায় মোট পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে দুটি জিআর সাজা পরোয়ানা। ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর দায়ের করা ব্রাহ্মণপাড়া থানার ৩ নম্বর মামলায় (জিআর মামলা নং-২৪১/১৭) দণ্ডবিধির ৩৯৫, ৩৯৭ ও ৪১২ ধারায় তাঁকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগের আদেশ রয়েছে।
অন্যদিকে, ২০১৯ সালের ১৬ আগস্ট দায়ের করা ব্রাহ্মণপাড়া থানার ১৩ নম্বর মামলায় (জিআর মামলা নং-২৭৪/১৯) দণ্ডবিধির ৪১১ ধারায় তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুটি মামলায় তাঁর মোট ১৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ছিলেন।

প্রতিবেদক 


















