মঙ্গলবার ॥ ২৪ নভেম্বর, ২০২৬ইং ॥ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৪ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

মালিক-শ্রমিক উভয় পক্ষই দেবে সংশোধিত প্রস্তাব

  • নিজস্ব প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১০:০০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:    তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে টানাপড়েন আরও বেড়েছে। দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পরও কোনো পক্ষই পরস্পরের প্রস্তাব নিয়ে সন্তুষ্ট হতে পারেনি। ফলে নতুন করে সংশোধিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুই পক্ষের মতবিরোধের কারণে ন্যূনতম মজুরি নির্ধারণে ঐকমত্যে পৌঁছাতে আরও সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে মর্যাদাপূর্ণ মজুরি নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন শ্রমিক নেতারা। অন্যদিকে, শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়টি বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের পক্ষে মালিকপক্ষ।

গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত তৃতীয় সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের কাছে যৌক্তিক মনে হয়নি। আবার শ্রমিকপক্ষের আগের প্রস্তাবও মালিকপক্ষ যথাযথ মনে করছে না। এ কারণে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে সংশোধিত প্রস্তাব জমা দেবে। এরপর সেগুলো বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, দুই পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও কোনো বিষয়ে ঐকমত্য হয়নি। উভয়পক্ষ সংশোধিত প্রস্তাব দিলে বোর্ড সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্তের দিকে এগোবে।

তবে মালিকপক্ষ কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি বোর্ডের সদস্যরা। ফলে মালিকদের প্রস্তাবিত মজুরির পরিমাণ নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

গতকাল সোমবার বেলা ১১টায় শুরু হওয়া ছয় সদস্যের মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের লিখিত প্রস্তাব জমা দেয়। এরপর প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কিন্তু শ্রমিকদের প্রত্যাশা এবং মালিকদের সক্ষমতার মধ্যে সমন্বয় না হওয়ায় শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বিজিএমইএ পরিচালক ও বোর্ড সদস্য এবিএম শামসুদ্দিন, শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এবং রাশেদুল আলম রাজুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মজুরি নিয়ে দুইপক্ষের বিপরীত অবস্থান : মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় গত ৯ নভেম্বর শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেয়। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব করেন। এতে প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরির সুপারিশ করা হয়। নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষনবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়।

এ ছাড়া অফিস স্টাফ ও কর্মচারীদের জন্য চারটি গ্রেডে যথাক্রমে ৫৫ হাজার, ৫০ হাজার, ৪৫ হাজার ও ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়।

অন্যদিকে, মালিকপক্ষ দ্বিতীয় সভায় প্রস্তাব জমা দিতে না পারায় বোর্ডের কাছে সময় চায়। সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দিয়ে ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দিতে নির্দেশনা দেয়। পরে ১৬ নভেম্বরের নির্ধারিত সভা স্থগিত হয়ে ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়।

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, মালিকপক্ষের প্রস্তাবে শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। একইভাবে মালিকপক্ষও শ্রমিকদের প্রস্তাবের সঙ্গে একমত হতে পারেনি। এ কারণে উভয় পক্ষ নিজেদের প্রস্তাব পুনর্বিবেচনা করে সংশোধিত আকারে বোর্ডে জমা দেবে।

৩০ হাজার টাকার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ : এদিকে মজুরি বোর্ডের সভা চলাকালে কার্যালয়ের বাইরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ করেন কয়েকটি পোশাকশ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা দ্রুত মজুরি নির্ধারণ, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নের দাবি জানান।

বিক্ষোভকারীরা আটক শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি, শ্রমিকদের বিরুদ্ধে হামলা-মামলা ও হয়রানি বন্ধেরও দাবি জানান। পাশাপাশি মজুরি আন্দোলনে নিহত তৌফিক ও সেলিমের পরিবারকে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তারা।

শ্রমিক নেতাদের বক্তব্য, শুধু মজুরি ঘোষণা করলেই হবে না, শ্রমিকদের চাকরির নিরাপত্তা ও শিল্পে স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। দমন-পীড়নের পরিবর্তে অর্থবহ আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবির সমাধান করতে হবে।

জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মজুরির ব্যবধান : বর্তমানে দেশের পোশাকশ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ মজুরি ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।

গত কয়েক বছরে খাদ্যপণ্য, বাসাভাড়া, চিকিৎসা, যাতায়াত ও শিক্ষাব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু সেই তুলনায় শ্রমিকদের আয় বাড়েনি বলে অভিযোগ শ্রমিক সংগঠনগুলোর। তাদের মতে, বর্তমান মজুরিতে একজন শ্রমিকের পক্ষে পরিবার নিয়ে সম্মানজনক জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। এ কারণেই নতুন মজুরি কাঠামোয় সর্বনিম্ন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জোরালো হয়েছে।

অন্যদিকে, মালিকপক্ষের সামনে রয়েছে উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট, আন্তর্জাতিক বাজারে মূল্য প্রতিযোগিতা এবং ক্রয়াদেশ ধরে রাখার চ্যালেঞ্জ। ফলে মজুরি বাড়ানোর ক্ষেত্রে শিল্পের সক্ষমতা বিবেচনার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সমন্বয়ই এখন বড় চ্যালেঞ্জ : তৈরি পোশাকশিল্প বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস এবং এ খাতে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান রয়েছে। তাই নতুন মজুরি নির্ধারণে একদিকে শ্রমিকদের জীবনমান উন্নয়ন, অন্যদিকে শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা— দুই বিষয়ই সমান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

সংশ্লিষ্টদের মতে, সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার পর বোর্ডের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দুই পক্ষের অবস্থানের মধ্যে গ্রহণযোগ্য সমন্বয় তৈরি করা। কারণ, একদিকে শ্রমিকদের ন্যায্য মজুরির প্রত্যাশা, অন্যদিকে শিল্পের সক্ষমতা ও রপ্তানি বাজার ধরে রাখার চাপ রয়েছে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে না পারলে নতুন মজুরি কাঠামো নিয়ে অনিশ্চয়তা আরও দীর্ঘায়িত হতে পারে। ফলে শ্রমিকদের প্রত্যাশা পূরণের পাশাপাশি পোশাকশিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন মজুরি বোর্ডের সামনে বড় পরীক্ষা।

Share this news as a Photo Card

জনপ্রিয়

মালিক-শ্রমিক উভয় পক্ষই দেবে সংশোধিত প্রস্তাব

19 November 2026

দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

মালিক-শ্রমিক উভয় পক্ষই দেবে সংশোধিত প্রস্তাব

সর্বশেষ পরিমার্জন: ১০:০০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬