উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর থানা বার্ষিক পরিদর্শন ও থানায় অনুষ্ঠিত চৌকিদার প্যারেড পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। সোমবার (২৩ নভেম্বর) তিনি উলিপুর থানা পরিদর্শনকালে থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেন এবং গ্রামপুলিশের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন কার্যক্রম, রেজিস্টারপত্র, অস্ত্রাগার, ব্যারাক এবং নির্মাণাধীন নতুন থানা ভবনের নির্মাণকাজ ঘুরে দেখেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন।
পুলিশ সুপার থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক ও দায়িত্বশীল আচরণ এবং দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের বিষয়ে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে চৌকিদার প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার গ্রামপুলিশের সদস্যদের উদ্দেশ্যে বলেন, স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গ্রামপুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজ নিজ এলাকায় সর্বদা সতর্ক ও দায়িত্বশীল থেকে নিয়মিত নজরদারি করতে হবে।
তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদার, মাদকসংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানানো, চুরি-ডাকাতিসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন। এ ছাড়া পলাতক আসামি ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা এবং এলাকায় সংঘটিত বা সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে—এমন যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান।
এ সময় পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামপুলিশের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে অপরাধ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রম আরও কার্যকর হবে।
পরিদর্শনকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উলিপুর থানা পরিদর্শক(ওসি তদন্ত) কমল কিশোর ঘোষসহ থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 


















