পিরোজপুর অফিস::
শান্তিপূর্ণ ভাণ্ডারিয়াকে অশান্ত করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর (সুমন) এমপি। তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু রাজনীতি মানে ধ্বংস বা অগ্নিসংযোগ নয়। রাজনীতির নামে কোনো মানুষের জীবন কেড়ে নেওয়া গ্রহণযোগ্য নয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগে এক হেলপারের মৃত্যুর প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকালে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রতিমন্ত্রী বাসে অগ্নিসংযোগের ঘটনায় এক হেলপারের মর্মান্তিক মৃত্যুর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, এ ঘটনায় কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। ভুল তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে দলমত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জোমাদ্দার, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসীম মান্নান উৎপল হাওলাদার, উপজেলা যুবদলের সদস্যসচিব এইচ এম শামীম হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, যুবদল নেতা নাজমুল হাসান আরিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় ‘বাহক’ নামের একটি বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা হেলপার মো. সিয়াম (২৬) অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
মঙ্গলবার ॥ ২৪ নভেম্বর, ২০২৬ইং ॥ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৪ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।
ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী
-
প্রতিবেদক - সর্বশেষ পরিমার্জন: ০৩:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- ৭ বার পঠিত
আরো পড়ুন :
জনপ্রিয়
























