সোহাগ ইসলাম, মঠবাড়িয়া: জ্বালানি তেল, গাড়ির যন্ত্রাংশসহ পরিবহন খাতের বিভিন্ন উপকরণের মূল্যবৃদ্ধির কারণে মঠবাড়িয়া–পাথরঘাটা ও চরদোয়ানি ভায়া চরখালী রুটে চলাচলকারী ঢাকা ও চট্টগ্রামগামী বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে যাত্রীপ্রতি ১০০ টাকা করে ভাড়া বাড়ানো হবে। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী—
ঢাকা রুট: ৭০০ টাকা
চট্টগ্রাম রুট: ১,০০০ টাকা
মঠবাড়িয়ার তুষখালী লাহোর কাচ্চি হোটেলে বাস মালিক, শ্রমিক ও কাউন্টার প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে জ্বালানি তেল, গাড়ির যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব বিষয় বিবেচনায় ভাড়া সমন্বয়ের প্রয়োজন হলেও যাত্রীদের আর্থিক সক্ষমতা ও ভোগান্তির কথা মাথায় রেখে তুলনামূলকভাবে কম ভাড়া নির্ধারণ করা হয়েছে।
মালিক পক্ষের দাবি, নতুন নির্ধারিত ভাড়া সরকারি নির্ধারিত ভাড়ার চেয়েও কম। সরকারি হারে ঢাকা রুটে ৯০২ টাকা এবং চট্টগ্রাম রুটে ১,৫০০ টাকা ভাড়া নির্ধারিত থাকলেও স্থানীয় যাত্রীদের কথা বিবেচনা করে এর চেয়ে কম ভাড়া রাখা হয়েছে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে এ নতুন ভাড়া কার্যকর হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোহাগ ইসলাম, মঠবাড়িয়া 



















