নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, অশালীন ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম facebook মেসেঞ্জার ব্যবহার করেও হুমকি ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. মহিদুল ইসলাম তালুকদার (৩৭)।
ঘটনার প্রতিকার ও পরিবারের নিরাপত্তা চেয়ে গত ২ আগস্ট পিরোজপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডির নম্বর ৮৭।
জিডি সূত্রে জানা যায়, মহিদুল ইসলামের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী সিকদার (৮৫)। তাঁর সঙ্গে সম্পত্তিসংক্রান্ত বিষয় নিয়ে সুব্রত বেপারী (৩৫), সুমেন চন্দ্র বেপারী (৪০), উত্তম বেপারী ও প্রশান্ত বেপারীসহ কয়েকজনের বিরোধ চলে আসছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ওই বিরোধের জেরে দীর্ঘদিন ধরে মহিদুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁর চাচা শ্বশুর মো. মাহাবুব শিকদারকেও হুমকি দেওয়া হচ্ছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
সবশেষ গত ১ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে পিরোজপুর সদর থানাধীন শংকরপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিকাঠী এলাকায় মহিদুল ইসলামের স্ত্রী অবস্থানকালে ‘Avi Suvo’ নামে একটি ফেসবুক আইডি থেকে বিরোধের জেরে অশালীন ভাষায় গালাগাল করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর পাশাপাশি তাঁর স্ত্রীকে ক্ষতি করার এবং প্রাণনাশের হুমকি দেন বলে জিডিতে দাবি করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, শুধু হুমকিই নয়, আমার স্ত্রী ও তার অন্যান্য বোন ও বোন জামাইয়ের চাকরিরও ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। এ অবস্থায় স্ত্রী ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি।
জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে অভিযুক্তরা তাঁর স্ত্রী বা পরিবারের কোনো সদস্যের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা করছেন মহিদুল ইসলাম। এ কারণে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান তিনি।
পিরোজপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জিডিটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলে নথিতে উল্লেখ রয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুব্রত বেপারী, সুমেন চন্দ্র বেপারী, উত্তম বেপারী ও প্রশান্ত বেপারীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















