পীর ছাহেব ছারছীনা:
মুসুলমান অন্যকে আগে আঘাত করে না – তবে আঘাত এলে প্রতিহত করে

- সর্বশেষ পরিমার্জন: ০৮:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ৫০ বার পঠিত

দক্ষিণাঞ্চল প্রতিবেদক:: রুপাতলী দারুল আবরার মডেল কামিল মাদরাসা ও মাহবুবুর রহমান মোল্লা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীরে পীর ছাহেব ছারছীনা, কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন (মা.জি.আ.) প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বলেন, মুসলমান অন্যকে আগে আঘাত করে না, তবে আঘাত আসলে তা প্রতিহত করে। পীর ছাহেব কেবলা ভক্ত-মুরিদদের উদ্দেশ্য করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন মৃত্যুকালের পরে বান্দার নৈকট্য অর্জনের প্রয়াসে ওসিলার বিকল্প নেই। বর্তমানে কিছু লোক পবিত্র কোরআনে বর্ণিত ওসিলার কথা অস্বীকার করছে, যা সঠিক আকিদার পরিপন্থী। সঠিক আকিদার অনুসারী ছাড়া একজন মুমিনের ঈমান পূর্ণতা পায় না – এ কথা গুরুত্বসহকারে স্মরণ রাখার আহ্বান জানান তিনি। পীর ছাহেব আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে ফরজ ইবাদতের পাশাপাশি জিহাদকেও ফরজ করেছেন। তবে জিহাদের বাস্তবায়ন ব্যক্তিগত ব্যাখ্যা বা আবেগের ভিত্তিতে নয়; এটি ইসলামী শরীয়ত অনুযায়ী সংঘটিত হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, একজন মুসলমান অন্য মুসলমানকে আগে আঘাত করবে না; যদি আঘাত আসে তবে তা প্রতিহত করা শর্তসাপেক্ষে অনুমোদনযোগ্য। মাহফিলে পীর ছাহেব শিক্ষা সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সহশিক্ষার প্রভাবে আজকের মাদ্রাসা শিক্ষাঙ্গন ক্ষতিগ্রস্ত হচ্ছে। দারুল আবরারের মতো কিছু প্রতিষ্ঠান এখনও সহশিক্ষা থেকে মুক্ত রয়েছে এবং এগুলোই প্রকৃত ইসলামী শিক্ষার আদর্শ রক্ষা করছে। শরীয়তের হুকুম-যেমন পর্দা-যদি উপেক্ষিত হয়, সেখানে প্রকৃত ইসলামী শিক্ষার বদলে অপসংস্কৃতি বিস্তার পায়। এ সমস্যার সমাধানে বিকল্প শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান তিনি। মাহফিলে ইসলামের নানা বিষয় নিয়ে আলোচনা করেন – বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর ও ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়্যেব, মুফতি মাওলানা মোঃ হায়দার হোসাইন এবং পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ। মাহফিল শেষে পীর ছাহেব কেবলা দারুল আবরার থেকে ফারেগীন (স্নাতক) হাফেজ ছাত্রদের দস্তারবন্দী করেন এবং তাদের অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – মাহবুবুর রহমান মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ডা. আমির ফয়সাল বিন মাহবুব (রাকিব), দারুল আবরার কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি হাসান বিন হাবিবসহ অনান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।



















