
অপু দাস, রাজশাহী।
রাজশাহীর বাগমারা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দেশীয়ভাবে তৈরি চোলাই মদ ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ১৪ লিটার চোলাই মদ, ১ কেজি ৭৮৫ গ্রাম গাঁজা এবং মাদকদ্রব্য ওজন করার কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওয়েট মেশিন উদ্ধার ও জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এসআরবি। এরই ধারাবাহিকতায় রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাজশাহীর বাগমারা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী সংস্থার দেওয়া তথ্যে জানা গেছে, ২৭ সেপ্টেম্বর সকাল ৯টা ১০ মিনিটের দিকে রাজশাহী জেলার বাগমারা থানাধীন হাটগাংগুপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পূর্ব পাশে একটি বাড়িতে মাদকদ্রব্য বিক্রির প্রস্তুতি চলছিল বলে গোপন সংবাদের মাধ্যমে তথ্য পাওয়া যায়। গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিএসসির একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে হাটগাংগুপাড়া এলাকার অনিল কুমারের ছেলে অলড্রিন কুমারকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। তার ঠিকানা হাটগাংগুপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী। অভিযান পরিচালনার সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধার হওয়া মাদকদ্রব্য এবং অন্যান্য আলামত জব্দ করা হয়। এ সময় মোট ১৪ লিটার দেশীয়ভাবে প্রস্তুত চোলাই মদ, ১ কেজি ৭৮৫ গ্রাম গাঁজা এবং মাদকদ্রব্য ওজন করার কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওয়েট মেশিন উদ্ধার ও জব্দ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে উদ্ধার করা মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য যাচাই করা হবে।
অভিযানে আটক অলড্রিন কুমারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহীর বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এসআরবি-৫-এর এ ধরনের অভিযান ও কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 












