
আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া)
বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ফোরকান আলী হত্যা মামলার এজাহারনামীয় আসামি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতা মাকসুদুর রহমান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা পুলিশ উপজেলার টেঙ্গামাগুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাকসুদুর রহমান বাবু খরনা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খরনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ নভেম্বর শাজাহানপুর থানায় দায়ের করা এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় ৪০০ জনসহ সর্বমোট ৫৬০ জনকে আসামি করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 










