আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক সেবন এবং ভোক্তা অধিকার নিশ্চিতকরণে পৃথক অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। গত বুধবার ও বৃহস্পতিবার পরিচালিত এ সকল অভিযানে প্রকাশ্যে মাদক সেবন ও শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর দায়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২:০০টা থেকে ১:৩০টা পর্যন্ত উপজেলার নয়মাইল ও ভান্ডারপাইকা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নয়মাইল এলাকার ‘সিলামনি হোটেলে’ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারা লঙ্ঘনের অপরাধে আল-আমিন নামের এক ব্যক্তিকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় প্রসিকিউশন প্রদান করেন স্যানিটারি ইন্সপেক্টর মো: ফারুক হোসেন।
পরবর্তীতে ভান্ডারপাইকা নামক স্থানে অভিযান চালিয়ে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অপরাধে আফসান জামিল রনি নামের এক ব্যক্তিকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড আরোপ করে আদালত। এতে প্রসিকিউশন দাখিল করেন বগুড়া-ক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো: তাহিদুল আলম।
এর আগে, গত বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬:৩০ মিনিটে উপজেলার চোপিনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অপর এক অভিযান চালানো হয়। স্থানীয়দের তথ্যমতে, শাহানগর গ্রামের মৃত আকবর আলির ছেলে খোরশেদ আলম (৪৫) দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। বুধবার সন্ধ্যায় মাদকাসক্ত অবস্থায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে স্থানীয় জনসাধারণ তাকে হাতেনাতে ধরে উপজেলা প্রশাসনকে খবর দেয়।
সংবাদ পেয়ে শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস (ঊর্মি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত খোরশেদ আলম অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকেও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নাগরিক ডেস্ক রিপোর্ট 

















