
আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া)
বগুড়ার শাজাহানপুরে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে “পুলিশই জনতা জনতাই পুলিশ এবং শাস্তি নয় সংশোধন অপরাধ হবে দমন” শ্লোগানকে সামনে রেখে ‘বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর (রবিবার) বিকাল ৫টায় উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়। মাঝিড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মুরাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ”অনলাইন জুয়া ও মাদকের বিস্তারের কারণেই আজ কিশোর গ্যাংয়ের মতো অপরাধের জন্ম হচ্ছে। কিশোর গ্যাং, মাদক এবং সন্ত্রাস নির্মূল করতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা নির্দ্বিধায় গোপনে পুলিশকে তথ্য দিন; আমরা নিশ্চিত করছি, তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও আইনশৃঙ্খলা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল। মতবিনিময় সভাটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের কোষাধ্যক্ষ মিজানুর রহমান আকন্দ সোহেল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহম্মদ জাফর আলমগীর, মাঝিড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এবং শাজাহানপুর থানার কমিউনিটি পুলিশিং অফিসার এস আই আবু জাররা, মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন।
সভায় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ এবং জনগণের যৌথ অংশগ্রহণের বিকল্প নেই। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং একটি অপরাধমুক্ত শান্তিময় সমাজ গঠনই এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত থেকে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করা হয়।

নাগরিক ডেস্ক রিপোর্ট 











