
নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি
সৌদি আরবের মক্কায় কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী ফয়সাল মিয়া (২৮)। তিনি কটিয়াদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নামা বোয়ালিয়া এলাকার প্রয়াত মো. চান মিয়ার কনিষ্ঠ সন্তান। ফয়সাল দীর্ঘ ১৪ বছর ধরে মক্কার একটি নির্মাণ সংস্থায় কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সৌদি আরবে থাকা পরিচিতদের মাধ্যমে ফয়সালের দুর্ঘটনার সংবাদ পান তাঁর স্বজনেরা। কাজের স্থানে একটি ছয়তলা ভবনের ওপর থেকে কাঠের তক্তা নিচে পড়ে ফয়সালের মাথায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন পরিবারের সদস্যরা।
নিহতের বড় ভাই মো. সজল মিয়া জানান, পাঁচ ভাইয়ের মধ্যে ফয়সাল সবার ছোট ছিলেন। দুর্ঘটনার আগের রাতেও তিনি পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। আলাপে তিনি জানান, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে দেশে ফিরে আসবেন। একই সঙ্গে পরিবারের সবাইকে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি না করে মিলেমিশে থাকার আকুতি জানান তিনি। কথা বলার পরদিনই তিনি মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হন।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ জানান, নিহতের পরিবারের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় দাপ্তরিক যোগাযোগ ও পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে বিষয়টি আইনি প্রক্রিয়া ও মরদেহের পরিস্থিতি সাপেক্ষে নির্ধারিত হবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 













