শিবগঞ্জে পরকীয়ার সালিশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১, আহত-৫

- সর্বশেষ পরিমার্জন: ১২:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ৪৬ বার পঠিত

আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া সম্পর্ক নিয়ে সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। রবিবার (৮ মার্চ) রাত ১০:৪৫ টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌরসভার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে একই এলাকার কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুনের পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের অভিভাবক ও স্থানীয়দের উদ্যোগে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। রবিবার রাতেও বিষয়টি নিষ্পত্তির জন্য দুই পক্ষ সালিশে বসেন। তবে, দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা লোকজন বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় সাহিদা খাতুনের পরিবারের সদস্যরা তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলার মুখে অপরপক্ষ প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে লাঠির আঘাতে গুরুতর আহত হন আনিসুর রহমান। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আরও অন্তত পাঁচ জন আহত হয়েছেন।


















