
আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
এর আত্ন জীবনী স্মরণ করে বর্ণাঢ্য আয়োজনে নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শোভাযাত্রা ও সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে নজরুল জয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র, শিল্পকলা একাডেমি, টিউলিপ প্রশাসন ইনস্টিটিউট,হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাএতে অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তিনটি জনপ্রিয় গান পরিবেশন করা হয়। নজরুলের কালজয়ী গান ও সুরের মূর্ছনায় অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় মনোমুগ্ধকর পরিবেশ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. শহিদুল ইসলাম বলেন, নজরুল বিদ্রোহী কবিতার পাশাপাশি সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িকতার কবিতা লিখেছেন। তাঁর সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁর মানবিক ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















