মোঃ জাহাঙ্গীর আলম(গোবিন্দগঞ্জ)গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঁপড়ীগঞ্জ এসএম ফাজিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁপড়ী এলাকায় আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, “বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম জিন্নাতুল ইসলাম কানু, সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন পাতা, উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, মাদ্রাসার অধ্যক্ষ খালেকুর রহমান, মাদ্রাসার সভাপতি আব্দুল মান্নান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম, সদস্য সচিব সাহাবুল ইসলাম সাবু, যুগ্ম আহবায়ক রশিদুল ইসলাম ও আনারুল ইসলাম।
এছাড়া যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন, ইউনিয়ন যুবদলের আহবায়ক নির্মল মহন্ত ভুট্টা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হাসানুল ইসলাম রিপন ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোবিন্দ কুমার দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 

















