রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাহিদ বিশ্বাস (৪৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালককে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তাঁর রিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ বিশ্বাস গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জবানিপাড়া এলাকার জামাল বিশ্বাসের ছেলে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্থানীয়রা চামেলি পার্ক এলাকার একটি ইটের সড়কের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জাহিদ বিশ্বাস পেশায় একজন রাতের ব্যাটারিচালিত রিকশাচালক ছিলেন। ব্যাটারি নষ্ট থাকায় গত চার থেকে পাঁচ দিন তিনি রিকশা চালাতে পারেননি। বৃহস্পতিবার নতুন ব্যাটারি কিনে রাতে রিকশা নিয়ে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম এবং গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা জাহিদ বিশ্বাসকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তাঁর ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















